নরসিংদীর শিবপুর উপজেলায় মামুন সরকার (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ধানুয়া দাখিল মাদ্রাসার সামনের সড়ক থেকে গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মামুন সরকার শিবপুরের চক্রধা গ্রামের আবদুল আওয়াল বাচ্চুর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিবপুর কারিবাড়ির মেলায় যাওয়ার জন্য গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে মামুন বাড়ি থেকে বের হয়ে যান। পরে দিবাগত রাত ৩টার দিকে বাড়ির লোকজন তাঁর মৃত্যুর খবর পায়। ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালে পাঠায়।
মামুন সরকারের ভাই মাসুম সরকার বলেন, ‘মামুন গতকাল রাতে মেলার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে দিবাগত রাত ৩টার দিকে তাঁর মৃত্যুর খবর পাই।’
এদিকে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ‘মামুনের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এর আগে পরিবারের পক্ষ থেকে তাঁকে রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল। গভীর রাতে তাঁকে হত্যা করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’





