সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মওদুদের স্ত্রী হাসনা মওদুদের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান আজ মঙ্গলবার দুপুরে এ কথা জানান।
শায়রুল কবির খান বলেন, ‘সিঙ্গাপুরে চিকিৎসাধীন সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হয়েছে। তাঁর ফুসফুসে পানি জমেছে।’
গত ১ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে মওদুদ আহমদকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে মওদুদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। ২১ জানুয়ারি ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে নেওয়া হয়।
মওদুদ আহমদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী হাসনা জসিম উদ্দীন মওদুদ।





