বগুড়ায় ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩

বগুড়ায় ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে ছুরিকাহত জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খানসহ ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, বিকেলে শহর থেকে ধুনট উপজেলা ছাত্রলীগের সমাবেশে যাবার পথে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে যুগ্ম সাধারণ সম্পাদক তাকবিরের সঙ্গে বাকবিতণ্ডা হয় জেলা কমিটির সদস্য জাহিদ হাসানের। সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি তখনকার মতো মিটে গেলেও ধুনট থেকে ফেরার পর রাতে আবারও দুই পক্ষ পরস্পরের ওপর চড়াও হয়। রাত ৯টার দিকে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ঘটে ছুরিকাঘাতের ঘটনাও।

জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, ঘটনায় আহত জেলা ছাত্রলীগের নেতা তাকবির ও জাহিদ এবং সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের নেতা দুলালসহ ৫ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তাকবিরের পেটের দুই স্থানে ছুরিকাঘাত এবং মাথায় আঘাত রয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। দলীয় কোনো বিষয় নয়, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই ঘটনার সূত্রপাত বলেও দাবি করেন তিতাস।