সোনা চোরাচালান মামলায় দুইজনের যাবজ্জীবন

যশোরের বাঘারপাড়া থেকে স্বর্ণের বার উদ্ধার মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন একটি আদালত। রোববার (২১ মার্চ) বিকেলে জেলা ও দায়রা জজ এবং সিনিয়র স্পেশাল ট্র্যাইবুনালের বিচারক মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এক রায় দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- খুলনান পাইকগাছা উপজেলার হাশিমপুর সাহাপাড়ার খানবাড়ির মৃত রেজওয়ান খানের ছেলে তহিদুর রহমান খান ও বাগেরহাট সদর উপজেলার বোটপুর গ্রামের মৃত দুলাল শেখের ছেলে আব্দুল মালেকুর ওরফে মালেক শেখ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর বাঘারপাড়া থানা পুলিশ ওই দুইজনকে একটি প্রাইভেটকারসহ আটক করে। এরপর তাদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা ও প্রাইভেটকারটি জব্দ রাখা হয়। ৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাঘারপাড়া থানার পুলিশ জানতে পারে থানায় জব্দ থাকা

প্রাইভেটকারের মধ্যে স্বর্ণেরবার লুকানো আছে। থানার ওসি তাৎক্ষণিক পুলিশ সুপার ও জেলা প্রশাসককে অবহিত করেন। তাদের নির্দেশে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে রাত ১২টা ১৫ মিনিটে বাঘারপাড়া থানা ভবনের সামনে প্রাইভেটকার এনে তল্লাশি করা হয়। এসময় গাড়ির গিয়ার বক্সের মধ্যে থেকে কসটেপে জড়ানো ১১টি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটের মধ্যে লুকানো ছিলো ১১০টি সোনার বার। যার ওজন ১২ কেজি ৮৩০ গ্রাম। যার বাজারমূল্য চার কোটি ৪ লাখ আশি হাজার টাকা। এ ঘটনায় বাঘারপাড়া থানার এসআই ছামেদুল হক বাদী হয়ে চোরাচালান দমন আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই আবুল খায়ের মোল্লা তদন্ত শেষে ওই বছরই চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় তহিদুর রহমান খান ও মালেক শেখের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।