বলিউডের নতুন জুটি রণবীর-কিয়ারা

নতুন জুটি তৈরি হতে চলেছে বলিউডে। তবে ‘রিয়েল’ নয়, ‘রিল’। দক্ষিণী পরিচালক শংকরের সঙ্গে জুটি বাঁধবেন বলিউডের ‘খিলজি’ রণবীর সিং। দুজনেই একে অপরের সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন। অবশেষে তা সত্যি হতে চলেছে।

শোনা যাচ্ছে, এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে। ইতিমধ্যেই নাকি ছবি সইও করে ফেলেছেন তিনি। খুব শিগগিরই শুরু হতে চলেছে ছবির শুটিং।

এদিকে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে কবীর খানের ছবি ‘৮৩’র জন্য প্রস্তুত হচ্ছেন রণবীর। আগামী ৪ জুন মুক্তি পেতে চলেছে এই ছবি। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালাম ভাষায় দেখা যাবে ছবিটি।

হঠাৎ করে আসা করোনা মহামারির জন্য পিছিয়ে গিয়েছিল ‘৮৩’ ছবির মুক্তির দিন। গুঞ্জন ছিল, ওটিটিতে মুক্তি পেতে পারে ‘৮৩’। তবে অবশেষে এবার প্রেক্ষাগৃহের মুখ দেখবে এই ছবি।

অন্যদিকে, কিয়ারার কাজের তালিকাও বেশ দীর্ঘ। শেষ তাকে দেখা গিয়েছিল অক্ষয় কুমারের বিপরীতে ‘লক্ষ্মী’ ছবিতে। ভবিষ্যতে ‘শেরশাহ’, ‘যুগ যুগ জিও’, ‘ভুল ভুলাইয়া টু’-এ অভিনয় করবেন তিনি।