কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় যুবককে বাংলাদেশি ভেবে গুলি করেছে বিএসএফ।শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৪৬/৫ এর কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গুলিবিদ্ধ ভারতীয় নাগরিকের নাম মিলন মিয়া (২৫)। সে ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাহিদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম ও নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) রওশন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন…বিধানসভা নির্বাচন: একে-অপরের সমালোচনায় মোদি-মমতা
মিলন মিয়া বলেন, আমি শনিবার সন্ধ্যায় বাংলাদেশে এসেছিলাম সয়াবিন তেল কেনার জন্য। তেল নিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ আমাকে গুলি করে। পরে আমি জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে আবার বাংলাদেশে ঢুকে পড়ি। এখানকার লোকজন আমাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার বলেন, এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় ভোরে ভর্তি হয়েছেন। তার বুকের ডানদিকে বুলেট পাওয়া যায়, এখন তিনি আশঙ্কামুক্ত।
জাবেদ আলী, কুড়িগ্রাম প্রতিনিধি-





