গত ২২ ডিসেম্বর সবশেষ ম্যাচটি খেলেছিলেন লিওনেল মেসি। এরপর এ তারকা হঠাৎ করেই করোনাভাইরাসে আক্রান্ত হন। অবশ্য প্রাণঘাতী এ ভাইরাস থেকে এরইমধ্যে মুক্ত হয়েছেন তিনি। এবার অপেক্ষা মাঠে ফেরার। এজন্য অনুশীলন করছেন তিনি। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে এ কথা জানান তিনি। জানান, মাঠে ফিরতে তর সইছে না।
করোনা থেকে মুক্তি পেলেও এখনও খেলার মতো পূর্ণ ফিটনেস ফিরে পাননি মেসি। যে কারণে মাঠে ফিরতে অপেক্ষা করতে হচ্ছে তার।
মাঠে ফিরতে চেষ্টা চালাচ্ছেন মেসি। তিনি আশা করছেন, মৌসুমের দ্বিতীয় ভাগে আরও বেশি গোলের দেখা পাওয়ার। সেটা হলে তার দল পিএসজিও লিগ পুনরুদ্ধারের মিশনে এগিয়ে যাবে বহুদূর।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেছেন, ‘শুভ অপরাহ্ন! আপনারা জানেন আমার কোভিড হয়েছিল। আর আপনারা আমাকে এত খুদেবার্তা পাঠিয়েছেন, সেজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, এটাও বলতে চেয়েছিলাম যে, প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছে কোভিড থেকে সেরে উঠতে।’
করোনামুক্ত হয়ে মেসি এখন মাঠে ফেরার খুব কাছেই আছেন। এ ব্যাপারে তিনি লিখেছেন, ‘আমি প্রায় সেরেই উঠেছি। আর এখন মাঠে ফেরার জন্য তর সইছে না আমার।’
মাঠে ফেরার আগে পূর্বশর্ত ফিটনেসের। সেজন্য কাজ করছেন মেসি। এ ব্যাপারে এ তারকা বলেছেন, ‘শতভাগ ফিট হতে শেষ কিছু দিনে আমি অনুশীলনে ঘাম ঝরাচ্ছি বেশ। আশা করছি, শিগগিরই আবার আমাদের দেখা হবে। ধন্যবাদ।’
প্রভাতনিউজ/এনজে





