নতুন ধারাবাহিক ‘আকাশ মেঘে ঢাকা’

ঢাকা: পহেলা ফেব্রুয়ারি থেকে নাগরিক টিভিতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘আকাশ মেঘে ঢাকা’। মাহবুব হাসান জ্যোতির রচনায় নাটকটি পরিচালনা করেছেন রূপক বিন রউফ।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, প্রাণ রায়, মাসুম আজিজ, হোসাইন নিরব, সুস্মিতা সিনহা, তৃষ্ণা, সাথী মাহমুদা, লিটন খন্দকার, সাহেলা আক্তার, সঞ্জীব আহমেদ, হারুন রশিদসহ অনেকে।

নির্মাতা রূপক বিন রউফ রউফ নাটকটি নির্মাণের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘এই ধারাবাহিকে এক ঝাঁক নতুন মুখকে দর্শক দেখতে পাবেন। বলতে পারেন এই নাটকে মুখের চাইতে গল্পটাই মুখ্য। আমি নাগরিক টিভির কাছে কৃতজ্ঞ সুযোগটি করে দেবার জন্য।’

রূপক বিন রউফ জানান, ভালোবাসা ও পরিচর্যার বিকল্প আশ্রয়ে বড় হচ্ছিল একদল তরুণ-তরুণী, যেখানে আঠারো হয়ে গেলে কারোরই আর থাকার সুযোগ নেই। তাদের এগিয়ে যাওয়া, প্রেম, ঈর্ষা, টিকে থাকার চেষ্টা, আছে ভাওতাভাজী, এসব নিয়েই নাটকটির গল্প।

ধারাবাহিকটির থিম সং লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন তাহসিন আহমেদ। এতে কণ্ঠ দিয়েছেন তাহসিন আহমেদ ও সিঁথি সাহা। নওগাঁ, পূবাইল এবং ঢাকায় এই ধারাবাহিকের কাজ হয়েছে। ধারাবাহিকটি শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ১০টায় প্রচার হবে।

প্রভাতনিউজ/এনজে