খেলা: টি-টোয়েন্টির ইউনিভার্স বস। ঝলসানো ব্যাটিংয়ে নানা রেকর্ডের মালিকও তিনি। তবে বয়সও একটা বড় ফ্যাক্টর। ঠিক আগের মতো ঝড় ওঠে না। দেখা মেলে না দুর্ধর্ষ সব ইনিংস। পড়ন্ত বেলায় ক্রিস গেইলকে নিয়ে তাই চাপা সমালোচনা শুনতেই হয়।
গত আইপিএলে ব্যর্থতার পর এবার তিনি নিলামেই নেই। এই প্রথম আইপিএলে খেলা হচ্ছে না তার। বিপিএলে একসময় রাজত্ব করেছেন। এখন অনেকটাই বিবর্ণ। চলমান বিপিএলে বরিশালের হয়ে পাঁচ ইনিংসে কোনো ফিফটি নেই তার। মোট ১১৭ রান এসেছে কেবল ১১৭ স্ট্রাইক রেটে।
সিলেটে রোববার ফরচুন বরিশালের অনুশীলন শেষে ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদীনের সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল, এই গেইল দলের বোঝা হয়ে উঠছেন কিনা। দেশের খ্যাতিমান এই কোচ অস্বীকার করলেন না ব্যাপারটি। তিনি বলেন, ‘সত্যি বলতে, হ্যাঁ, হতে পারে (বোঝা)। কারণ ও যদি রান না করে, ওর কাছ থেকে এরপরে অনেক কিছু পাওয়ার থাকে না আসলে। হয়তো ফিল্ডিংয়ে ওকে কিছুটা লুকিয়ে রাখতে হয়।’
তবে গেইলকে নিয়ে আশাও ছাড়ছেন না ফাহিম, ‘আমার মনে হয়, এখনও ওর ওই ক্ষমতা আছে পাঁচ ওভারের মধ্যে খেলাটাকে ঘুরিয়ে দেওয়ার, এখনও সেই সামর্থ্য আছে। সেজন্য আমরা এখনও তার উপর বিশ্বাসটা রাখছি এবং ওই জায়গাটা ওকে ছেড়ে দিয়েছি, যেন পুরোপুরি মনোযোগী হতে পারে ওখানে। ওর জায়গা নিয়ে যেন চিন্তা করতে না হয়। আমরা আশা করছি, যত সময় যাবে ও আস্তে আস্তে নিজেকে মানিয়ে নেবে এবং ভালো করবে।’
সোমবার সিলেট পর্বের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। একদিকে গেইল, আরেক দিকে মঈন খান। এই লড়াইয়ে কে জেতেন, সেটাই দেখার বিষয়।
প্র্রভাতনিউজ/এবিএস





