ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার গঠনে বিএনপি সার্চ কমিটিতে নাম প্রস্তাব না করলেও ডা. জাফরুল্লাহ চৌধুরী যে নাম দিয়েছেন, সেটাই বিএনপির নাম বলে দাবি করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে খুলনা বিভাগ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপির সৃষ্টি একটা অবৈধ পন্থায়, তাই তারা অবৈধ পথ খোঁজে। তারা সবসময় মিথ্যাচার এবং অপকৌশলের মধ্য দিয়েই রাজনীতি করে আসছে।
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে স্থানীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। কিন্তু বিভিন্ন জায়গায় তাদের দলীয় প্রার্থীরা অংশ নিয়েছে। সরাসরি নাই কিন্তু দলীয় প্রতীকের বাইরে নির্বাচন করেছে।
হানিফ বলেন, বিএনপি বলছে নাম দিবে না কিন্তু ডা. জাফরুল্লাহ চৌধুরী কার? আমরা এতদিন জানতাম উনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি যদি নাম দেন সেই নামটা কি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয় না? আমরা তো এটা বলতে পারি সরাসরি নিজেরা না দিয়ে আর একজনের মাধ্যমে নাম প্রস্তাব করছে।
তিনি আরও বলেন, বিএনপি সকালে এক কথা, বিকালে এক কথা বলে। নির্বাচন কমিশন গঠনে যখন রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আহ্বান করলেন তখন বিএনপি বলল না, আমরা নির্বাচন কমিশন গঠনে আইন চাই। সে সময় আইনমন্ত্রী বলেছিলেন আইনটা দ্রুত করা কঠিন হয়ে যাবে। সে সময় মির্জা ফখরুল বলেছিলেন সরকার চাইলে একদিনে আইন করা যায়।
তিনি বলেন, যারা দলের নির্দেশনা মানেন না, তাদের বিষয়ে তো আমাদের আগে থেকেই নির্দেশনা দেওয়া আছে। যারা বহিষ্কার হয়েছেন, তাদের বিষয়টা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নেতৃত্বে আনা যাবে না। আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে ঢেলে সাজাতে হবে, যাতে দলের নতুন নেতৃত্বের ওপর জনগণের প্রত্যাশার জায়গাটা আরও শক্তিশালী ও সুদৃঢ় হয়। এ লক্ষ্যে দলকে সম্মেলন করতে হবে।
প্রভাতনিউজ/এবিএস





