আসছে ‘কৃষ ৪’, জুন থেকেই কাজ শুরু

২০০৬ সালে বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল ‘কৃষ’। সেদিন থেকেই বলিউডের সুপার হিরোদের তালিকায় শুধু প্রথম সারিতেই নয়, বরং প্রথম নামটাই ‘কৃষ’-এর থাকলেও অবাক হওয়ার কিছু নেই। দেড় দশক আগে মুক্তি পাওয়া সেই সিনেমার সুবাদে আসমুদ্রহিমাচল বুঁদ হয়েছিল ‘কৃষ-জ্বরে’।

এরপর মুক্তি পেয়েছে ‘কৃষ ৩’। সেও প্রায় বছর নয়েক আগে। তারপর থেকে বহুদিন ধরেই এই সিরিজের পরবর্তী সিনেমা ঘিরে চলছিল বিস্তর জল্পনা। একাধিক সাক্ষাৎকারে ‘কৃষ ৪’ যে তৈরি হবেই সে কথা নিজেই জানিয়েছিলেন হৃতিক এবং এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি সিনেমার পরিচালক-প্রযোজক রাকেশ রোশন।

এই সুপারহিরো সিরিজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও ঘোষণা করেছিলেন হৃতিক স্বয়ং। এবার জানা গেল, ‘কৃষ ৪’ সিনেমার যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছেন হৃতিক রোশন ও রাকেশ দু’জনেই!

এই মুহুর্তে সাইফ আলি খানের সঙ্গে ‘বিক্রম বেদা’-র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন হৃতিক। তবে রাকেশ আর দেরি করতে চাইছেন না। তার নির্দেশে আর কিছুদিনের মধ্যেই জোরকদমে শুরু হবে কৃষ সিরিজের চার নম্বর সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ। আগামী বছরের শুরুতেই শুটিং শুরু হয়ে যাবে এই সিনেমার।

জানা গেছে, চলতি বছরের জুন মাস থেকেই শুরু হয়ে যাবে এই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ। সিনেমার জন্য অভিনেতা-অভিনেত্রীর বাছাই করার কাজও শুরু হয়ে যাবে তখনই। তবে এখনও পর্যন্ত ঠিক হয়নি কৃষ ৪-এ হৃতিকের বিপরীতে কোন বলি-সুন্দরী থাকবেন।

প্রভাতনিউজ/এনজে