১৮ জুন রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে ১৪ দল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে আগামী ১৮ জুন বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

শনিবার (১১ জুন) বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

সভায় প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব ও সময়োপযোগী কর্মপরিকল্পনার অনন্য দলিল হিসেবে অভিহিত করা হয়। একই সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের লাগাতার মিথ্যাচার-অপপ্রচার ও গুজব সৃষ্টি এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও হত্যার হুমকির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, ডা. শাহাদাৎ হোসেন, মীর আকতার হোসেন, কামরুল আহসান, আবুল হোসাইন, এজাজ আহম্মেদ মুক্তা, রেজাউর রশীদ খান, অ্যাড. এস কে সিকদার প্রমুখ।

সভায় ১৮ জুনের প্রতিবাদ সভা ছাড়াও ১৩ জুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় ১৪ দলের সাবেক মুখপাত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার সিদ্ধান্ত হয়।

এছাড়া ১২ জুন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে ১৬ জুন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এবং ১৭ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভার সিদ্ধান্ত হয়।