ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় গাজীপুর মহানগরের একটি তৈরি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে; এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ভোগড়া বাইপাস এলাকার বর্ষা সিনেমা হলের পাশে অ্যাপারেলস্ প্লাস লিমিটেড নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান।
উপ-পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভবনের কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।“
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে এই কর্মকর্তা বলেন আগুন লাগার কারণও জানা যায়নি।
কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, “কারখানার সাততলা ভবনের চতুর্থতলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে।”
“মুহূর্তেই আগুন সেকশন জুড়ে ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের খবরে শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছে। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”





