রাজধানীর চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ভোরে চকবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। এরপর আজ সকালে অভিযান চালিয়ে বরিশাল রেস্টুরেন্টর মালিক ফখরুদ্দিনকে গ্রেফতার করা হয়।
এর আগে, সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ঐ ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জাফর হোসেন বলেন, রেস্টুরেন্টের কর্মী রুবেলের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে একটি মামলা করেছেন। এই মামলায় রেস্টুরেন্টের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভবন ও ভবনে অবস্থিত প্লাস্টিক কারখানার মালিককে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে দগ্ধ ও খণ্ডিত হওয়ায় নিহত ছয়জনের লাশ শনাক্ত করা যায়নি। আজ মঙ্গলবার মোল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তাদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।





