জাতিসংঘের বিশেষ দূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত মিস নোয়েলিন হেজার। মঙ্গলবার পৌনে ১২টার দিকে তিনি রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান বলে জানিয়েছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত।

পরিদর্শন টিমের সঙ্গে থাকা কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলসহ উখিয়া কুতুপালং আশ্রয় ক্যাম্পে পৌঁছে ১২টার দিকে কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের আশ্রিতদের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। ক্যাম্প পরিদর্শনকালে নোয়েলিন হেজার ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, আইওএম-এর চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

বুধবার (২৪ আগস্ট) সকালে কক্সবাজার শহরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ শরণার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে বলেও জানান শামসুদ দৌজা নয়ন। আগামী ২৫ আগস্ট বাংলাদেশে রোহিঙ্গা আসার ৫ বছর পূর্ণ হবে। এর ঠিক দু’দিন আগে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত মিস নোয়েলিন হেজারের ক্যাম্প পরিদর্শন করলেন।