ঢাকারও বিশ্রাম চান আধুনিক মেয়র তাপস

কঠোর পরিশ্রমের পর মানুষের প্রয়োজন বিশ্রামের। সেই বিশ্রাম যে একটা ইট-কাঠ-পাথরে গড়া শহরেরও প্রয়োজন হতে পারে-সেটা অনুভব করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে অর্জিত অভিজ্ঞতালব্ধ জ্ঞান দিয়ে নতুত করে পুরোনো এই ঢাকা শহরকে সাজিয়ে তুলতে চান আধুনিকমনস্ক এ মেয়র। সকালে শাহবাগে মেট্রোরেলের কাজ, বাসস্টপেজে ব্যবস্থাপনা, যাত্রীদের ভোগান্তি কমাতে সরেজমিন পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। পৃথিবীর প্রত্যেকটি উন্নত শহরের টাইম টেবিল আছে। কিন্তু ঢাকার কোন সময়সূচি নাই, ছিলোও না। আমরা চাচ্ছি ঢাকাও একটি সুশৃংখল শহরে পরিণত হোক। এজন্য সকলের সহযোগিতা চেয়ে নিজের ইচ্ছের কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন তিনি।

ওষুধের দোকান সর্বোচ্চ ২টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে তিনি বলেন, আমি মনে করি সর্বোচ্চ ছাড় ঔষধ সেবাখাতকেই দেয়া হয়েছে। এসময় মেয়র বলেন শাহবাগ একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে মেট্রোরেলের দুটি স্টেশন হবে। সেই সাথে লোকাল যাত্রীসেবা কতটা সহজ করা যায় সেজন্য আমরা সকলের সাথে সমন্বয়ের চেষ্টা করছি। একই সাথে কোন কাজের সাথে যাতে কোন কাজ সাংঘর্ষিক না হয়ে যায়-এ জন্য সকলেই সতর্ক আছেন বলেও জানান মেয়র।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রত্যেকটি নাগরিক যাতে রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা পায় তা নিশ্চিতে সকলের সাথে সমন্বয় করে উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত আছে বলে জানান মেয়র । তিনি বলেন, আগামী ১লা সেপ্টেম্বর থেকে জনস্বার্থে প্রকাশিত বিজ্ঞপ্তিটির কার্যকর করা হবে।

একটি স্বপ্ন ততক্ষণ কেবল স্বপ্ন, যতক্ষণ সে স্বপ্নটি সে একাই দেখে। কিন্তু সেই একই স্বপ্ন যখন সকলে দেখতে শুরু করে, তখন সেটি আর কেবল স্বপ্ন থাকে না, সেটি হয় নতুন বাস্তবতার সূচনা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ঢাকাকে বিশ্রাম দেয়ার যে স্বপ্ন দেখছেন, সেটি কেবলি স্বপ্ন না থেকে নতুন বাস্তবতার সূচনা করুক এটাই প্র‌ত্যাশা করছেন ঢাকা দক্ষিণের নাগরিকরা।