সাতক্ষীরা পৌর বিএনপির নবগঠিত কমিটির সভা চলাকালে আহ্বায়ক শের আলী ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে শহরের কাশেম প্লাজা থেকে তাদেরকে আটক করা হয়।
নবগঠিত পৌর বিএনপি কমিটির সদস্য সচিব পৌর মেয়র তাজকিন চিশতি। এছাড়া আটক করা হয়েছে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিনকে।
জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডবলু বলেন, কাসেম প্লাজায় পৌর বিএনপির নবগঠিত কমিটির সাংগঠনিক সভা চলছিল। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে জানতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুমকে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পৌর মেয়রসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনার কথা নিশ্চিত করেছেন। তবে কোথা থেকে, কখন ও কেন তাদেরকে আটক করা হয়েছে সে বিষয়ে তিনি জানাতে পারেননি।
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





