মঞ্চ দিয়েই অভিনয়ের হাতেখড়ি। জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন টিভি ও সিনেমায়। নানামুখী চরিত্রে অভিনয় করে সব শ্রেণি-পেশার মানুষের কাছে হয়ে উঠেছেন ভালোবাসার মানুষ।
ছোটরাও উপভোগ করে তার মজার চরিত্র। তিনি সবার প্রিয়মুখ জাহিদ হাসান। ১৯৬৭ সালের (৪ অক্টোবর) সিরাজগঞ্জ শহরে জন্ম নিয়েছেন।
৯০ দশক থেকে দেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন জাহিদ হাসান। অভিনয় জীবনের শুরু থেকে ভিন্নধর্মী নাটক ও চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করছেন।
এ ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও সুনাম কামিয়েছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন, মোস্তফা সরায়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ, মোস্তফা কামাল রাজের প্রজাপতি তার অভিনীত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।
শুধু অভিনেতা নয়, জাহিদ হাসান খ্যাতি পেয়েছেন নির্মাতা হিসেবেও। তার পরিচালিত দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে লাল নীল বেগুনী, টোটো কোম্পানি। এ ছাড়া অসংখ্য দর্শক নন্দিত খণ্ড নাটক বানিয়েছেন তিনি ।
নাটক এবং চলচ্চিত্রে বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেন জাহিদ হাসান। তবে দর্শকের কাছে তার অন্যান্য চরিত্রগুলোর পাশাপাশি কৌতুক চরিত্রগুলো বেশি আদরণীয়।
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মৌয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ জাহিদ হাসান। তাদের রয়েছে দুই সন্তান। মেয়ে পুস্পিতা এবং ছেলে পূর্ণ।





