টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জাসপ্রিত বুমরাহ। তার বদলি খেলোয়াড় ঘোষণার জন্য ১৫ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে ভারতীয় ক্রিকেট দলের সামনে। দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা ইঙ্গিত দিয়েছেন মোহাম্মদ শামিকে নেওয়া হতে পারে বদলি হিসেবে।
গত বছর আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ কোনো কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডানহাতি পেসার শামি। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে করোনা আক্রান্ত হওয়ায় এই ফরম্যাটে ফেরার সুযোগটাও হারান তিনি।
শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হয়নি শামির। বর্তমানে তিনি ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। সেখানে তার ফিটনেসের ব্যাপারে পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সপ্তাহ দুয়েক পর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে রিজার্ভ হিসেবে ছিলেন দুই পেসার দীপক চাহার ও মোহাম্মদ শামি। তবে বদলি খেলোয়াড়ের প্রয়োজনে এই রিজার্ভ গ্রুপের বাইরে থেকেও খেলোয়াড় নিতে পারবেন নির্বাচকরা।
বদলি হিসেবে শামিকে এগিয়ে রেখে ভারতের হেড কোচ বলেছেন, ‘আমাদের হাতে ১৫ অক্টোবর পর্যন্ত সময় আছে। বদলি কে হবে সেটি আমরা দেখবো। শামি অবশ্যই একটি সম্ভাব্য নাম। দুর্ভাগ্যবশত সে সিরিজটি খেলতে পারেনি। যা আমাদের জন্য ভালো হতে পারতো।’
অন্যদিকে অভিজ্ঞতার দিকে নজর দেওয়া রোহিত বলেন, ‘আমাদের এমন কাউকে দরকার যার অভিজ্ঞতা রয়েছে, অস্ট্রেলিয়ায় আগে বোলিং করেছে। আমি জানি না, বদলি কে হতে পারে। এই জায়গায় অনেকের নামই আছে। তবে আমরা অস্ট্রেলিয়ায় পৌঁছার পরই তা ঠিক করবো।’





