অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে সব দল নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছেন। দলের বিশ্রামের দিনে নিজেদের ভুল শুধরে নিতে অনেকে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। তাই বলে ভারতের ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি অনুশীলন সারলেন পাকিস্তানের নেটে! সেটা তাও আবার বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে।
ভারতীয় দল সোমবার (১৭ অক্টোবর) যখন ছিল বিশ্রামে, ঠিক তখন প্রস্তুতি সারতে নিজেদের অংশ ছেড়ে পাকিস্তানের নেটে অনুশীলন করেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। সেখানে পাক দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ব্যাটিং অনুশীলন করেন সাবেক এই অধিনায়ক।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পাকিস্তান দলের নেটে কোহলির ব্যাটিং অনুশীলনের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, তিনি পাকিস্তানি বোলারদের বলে অনুশীলন করছেন। কোহলি বোলারদের শট বল করার অনুরোধ করলে, পাক বোলাররা তার কথামতো শট লেন্থে বল করেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তান দলের নেট অনুশীলনে বাবর আজমদের সঙ্গে প্রায় ৪০ মিনিট অনুশীলন করেন কোহলি। যেখানে ভারতের নেট বোলারদের পাশাপাশি পাক বোলাররাও ছিলেন।
বিশ্বকাপে সুপার টুয়েলভে ভারতের প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধেই। তার আগে ভারত তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ছয় রানে হারিয়েছে। কিন্তু সে ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি কোহলি। ১৩ বল মোকাবিলায় ১৯ রান করে আউট হন তিনি।
তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ শেষে দল যখন বিশ্রামে, তখন নিজেকে আরও একধাপ এগিয়ে নিতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন ব্যাটিং জিনিয়াস কোহলি।





