বিদ্যুৎ চুরির রাজনীতি আওয়ামী লীগ করে না:স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, পৌরসভা হচ্ছে জেলার ড্রয়িংরুম। কাজেই ড্রয়িংরুমের দিকে খেয়াল রাখতে হবে। পৌরসভার একটা দক্ষ ও শক্তিশালী সংগঠনই পারে পুরো জেলাকে নিয়ন্ত্রণ করতে। সুতরাং আমাদেরকে পৌরসভার দিকে খেয়াল রাখতে হবে।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ায় ৯টি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, বঙ্গবন্ধু মন্ত্রিত্ব নেননি। তিনি দলকে সু-সংগঠিত করতে মন্ত্রিত্ব ছেড়ে দলের জন্য কাজ করে দলকে শক্তিশালী করেছিলেন-আমাদের সে ইতিহাস মনে রাখতে হবে।

তিনি আরও বলেন, এই সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি। বিশ্ব বাজারে দাম বেড়েছে বলে বাংলাদেশে বেড়েছে। কারণ তিনগুণ দাম দিয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে। সবকিছুর খরচও তিনগুণ বেড়েছে। তবে লাঠি, গ্রেনেড হামলা, সিরিজ বোমা, বিদ্যুৎ চুরি, হাওয়া ভবন, পেট্রোল বোমার রাজনীতি আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, মোনায়েম খানসহ প্রমুখ।