টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারত আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। ফলে সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি ছিল নিয়মরক্ষার। এছাড়া পাকিস্তান জয় তুলে নেওয়ায় গ্রুপের চ্যাম্পিয়ন কে হবে তাও অনিশ্চিত ছিল। সবসমীকরণকে পিছনে ফেলে জিম্বাবুয়ের বিপক্ষে ৭১ রানের বিশাল জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল। সেই সাথে গ্রুপ ২ এর চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে অপর গ্রুপের রানার্স আপ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মোকাবেলা করবে কোহলিরা।
রোববার (৬ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ভারত। দলের হয়ে ২৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। এছাড়া ৩৫ বলে ৫১ রান করেন ওপেনার লোকেশ রাহুল। জিম্বাবুয়ের বোলার শন উইলিয়ামস নেন ২টি উইকেট।
জবাবে রান তাড়া করতে নেমে ৩৬ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে টেনে তোলাড় চেষ্টা করেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। ষষ্ঠ উইকেটে তারা দুজনে ৩৫ বলে ৬০ রানের জুটি গড়েন।
রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে ফেরার আগে ২২ বলে ৩৫ রান করেন রায়ান। এরপর লেজের ব্যাটসম্যানরা সিকান্দার রাজাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ইনিংসের শুরুর মতো শেষ দিকেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে।
১৭তম ওভারে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে ফেরেন সিকান্দার রাজা। তার আগে ২৪ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে করেন ৩৪ রান। রাজার বিদায়ের পর মাত্র ৪ বল খেলতে পারে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ১১৫ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে।





