অবস্থা অনেক সংকটাপন্ন, জানালেন আকবরের স্ত্রী

আকবরের বাঁচার আকুতি

ফের অসুস্থ হয়ে পড়েছেন গায়ক আকবর। তিনি দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন। সম্প্রতি সেটি প্রকট আকার ধারণ করায় শনিবার (৫ নভেম্বর) আইসিইউতে নেওয়া হয়েছে তাকে।

আকবরের স্ত্রী বলেন, প্রথমে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। এরপর আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে থাকলেও তার অবস্থা এখন ক্রিটিক্যাল। এ কারণে আকবেরর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

এর আগে, গত ১৬ অক্টোবর রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে অপারেশনের মাধ্যমে আকবরের ডান পা কেটে ফেলা হয়েছে। তার অপারেশন সম্পন্ন করেন অধ্যাপক ডা. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। সেখানে চিকিৎসা শেষে বাসায় ফেরেন আকবর। এরপর বাসাতেই তার অপারেশন পরবর্তী ড্রেসিং করা হচ্ছিল। কিন্তু কিডনি জটিলতায় ফের হাসপাতালমুখী হতে হলো তাকে।

প্রসঙ্গত, আজ থেকে প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান আকবর আলি গাজী। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গানটির অডিও-ভিডিও দুটোই ছিল সুপারহিট। দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন ঘটে জীবনের। অনেক বছর ধরেই দুরবস্থা চলছে। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালেও ফের ভাগ্যের পরিহাসে সংকটের মুখোমুখি আকবর। সুস্থ হয়ে আবারও সবাইকে গানে মাতাবেন, এমনটাই প্রত্যাশা তার পরিবারের।