হাওয়া ভবনের চোরদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হাওয়া ভবনের সবচেয়ে বড় চোর ও সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দেয়া যাবে না।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব ফখরুল সাহেব বলেছেন, আওয়ামী লীগকে বিদায় দিতে পারলে তারা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবেন। আলী বাবা ও চল্লিশ চোরের সবচেয়ে বড় চোরের নাম আমি জানি না। কিন্তু কাউকে যদি জিজ্ঞাস করা হয় হাওয়া ভবনের সবচেয়ে বড় চোর কে? বলবে, তারেক রহমান। তারেক রহমান মানে হচ্ছে দুর্নীতিতে পরপর পাঁচ বার চ্যাম্পিয়ন, দুর্নীতির বরপুত্র।

তিনি বলেন, শীতকালে যেমন সাইবেরিয়া থেকে শীতের পাখিরা এসে আমাদের এখান থেকে ধান খেয়ে মোটাতাজা হয়ে আবার চলে যায়, বিএনপিও হচ্ছে শীতের পাখির মতো। পাঁচ বছর খবর নেই, নির্বাচন যখন আসে তখন শীতের পাখির মতো আসবে। এই শীতের পাখিদের আর সুযোগ দেওয়া যাবে না।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি হলো দেশ ও জনগণের শত্রু। তাদের প্রতিহত করতে হবে। যারা হাওয়া ভবন বানিয়ে চাঁদা তুলত, যারা বিদ্যুৎ না দিয়ে খাম্বা লাগাত, যারা একুশে আগস্টে গ্রেনেড হামলা করেছে, যারা সারাদেশে বাংলা ভাই সৃষ্টি করে গাছের সাথে টাঙিয়ে মানুষ হত্যা করেছে, তাদের হাতে দেশ তুলে দিতে পারি না।

উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আকবর আলী চৌধুরী, রেজাউল করিম রেজা প্রমুখ।