জিয়াউর রহমানের হাতে বঙ্গবন্ধু পরিবারের রক্ত : সংস্কৃতি প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের হাতে বঙ্গবন্ধু পরিবারের রক্ত এবং খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে আইভি রহমানসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রক্ত লেগে আছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিl

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচারা দিয়ে উঠেছে। গত ২০১৪ সালে যেভাবে আগুন সন্ত্রাসের মাধমে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল তারা আবারও সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।

প্রতিমন্ত্রী কে এম খালিদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বলেন, আশা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিতেই শান্তিনিকেতনের আদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস হবে। যেখানে শিক্ষার্থীরা মুক্তবুদ্ধি ও সংস্কৃতির চর্চা করবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের পরিচালক ড. মোছা. নাহিদ সুলতানা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

অনুষ্ঠানকে ঘিরে রবীন্দ্র কাছারিবাড়িকে বর্ণিল সাজে সাজানো হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এবং শাহজাদপুরের বিভিন্নস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমাগমে মুখরিত হয়ে উঠেছিল কাছারিবাড়ি প্রাঙ্গণ।