কনকনে শীতে সমাবেশস্থলে শুয়ে-বসে রাত কাটছে নেতাকর্মীদের 

রাজশাহীতে কনকনে শীতের মধ্যেই সমাবেশস্থলে হাজির হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (২ ডিসেম্বর) সমাবেশের আগের রাতে জড়ো হওয়া নেতাকর্মীরা তাবু টানিয়ে শুয়ে-বসে কিংবা আড্ডায় আড্ডায় সময় কাটাচ্ছেন।

শীতের রাতে মাদরাসা মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতাকর্মীদের অনেকে ছোট ছোট সমাবেশ করছেন। অনেকেই রান্না-বান্নায় সময় কাটাচ্ছেন। অনেকেই আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে বসে সময় কাটাচ্ছেন। সমাবেশস্থলে আগত কাউকে আবার আনন্দে ‘ভুভুজেলা’ বাঁশি বা বাজাতে দেখা গেছে। মাঠজুড়ে কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য নেতারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন।

প্রসঙ্গত, বিএনপি সারাদেশে এখন পর্যন্ত আটটি সমাবেশ করেছে। শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীতে সকাল ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশের জন্য রাজশাহী মহানগর শাখা নগরীর মাদরাসা মাঠে মঞ্চ তৈরি করেছেন দলীয় নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিতে, নাটোর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ-সহ বিভিন্ন জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসছেন রাজশাহী মহানগরে।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভাগীয় সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে রাজশাহীতে পৌঁছেছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে বিমানযোগে তিনি হজরত শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। সেখানে স্থানীয় নেতারা তাকে শুভেচ্ছা জানান। তিনি রাজশাহীর কাজিহাটা এলাকার একটি হোটেলে রাত্রিযাপন করবেন।