তাসকিনকে নিয়ে ঝুঁকি নেবেন না ডমিঙ্গো

ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না টাইগারদের অন্যতম পেস তারকা তাসকিন আহমেদ। পিটের ব্যথার কারণে ছিটকে যান তিনি।

তবে ভারতের সঙ্গে দ্বিতীয় ম্যাচের আগে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ছিলেন টাইগারদের এই পেসার।

বেশ কিছু সময় ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে বোলিংও অনুশীলন করেছেন। দ্বিতীয় ম্যাচে তাসকিনের ফেরার প্রত্যাশা করা হলেও এখনই ঝুঁকি নিতে চাচ্ছেন না টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

তার দাবি, তাসকিন এখন সুস্থ হওয়ার পথে।

তিনি বলেন, বেশ কয়েক দিন আগেই তাসকিন ব্যথানাশক ইনজেকশন নিয়েছে। আমি নিশ্চিত না, তাকে খেলানোর ঝুঁকি নেওয়া ঠিক হবে কি না। সিরিজে এখনো অনেক খেলা বাকি, দুটি টেস্ট ম্যাচ আছে। এটা আমাদের সুযোগ অন্য পেস বোলারদের গড়ার।

উল্লেখ্য, ওয়ানডে সিরিজ শেষে টেস্ট ফরম্যাটে মুখোমুখি হবে দুই দল। এই দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবেই খেলবে বাংলাদেশ-ভারত। ম্যাচ দুটো শুরু হবে যথাক্রমে ১৪ ও ২২ ডিসেম্বর।