চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ সময় ছয়জন আহত হয়েছেন।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে সম্মেলন শুরু হওয়ার আগে নেতাকর্মীরা সম্মেলন স্থলে ঢুকতে শুরু করেন। এ সময় সকাল পৌনে ৯টার দিকে জেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে প্রবেশ ও চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা দেখা দেয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। পরে সম্মেলনস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পুলিশ এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান, ছাত্রলীগ নেতা ফিরোজ জোয়ার্দ্দার, রাজু আহমেদ, হিরক ও স্বপন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, সম্মেলনে আসন নিয়ে দুই গ্রুপ হয়েছিল বলে ভিডিও ফুটেজে দেখেছি। তবে কাদের কোথায় মারধর করেছে, কখন হাসপাতালে ভর্তি হয়েছে। আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মলনে ভার্চুয়ালি যোগ দেন প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।





