জামালপুরের সরিষাবাড়ীতে হানাদার মুক্ত দিবসের অনুষ্ঠান উদযাপন করতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাজাহান আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার ( ১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, ১২ ডিসেম্বর ছিলো সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী এ অনুষ্ঠান উদযাপন করতে বাড়ী থেকে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আসেন। শোভাযাত্রা বের হবার আগে হ্নদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে সোমবার রাতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় জাতির সূর্য সন্তানকে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু জানান, সকালে হানাদার মুক্ত দিবসের অনুষ্ঠানে আসেন শাজাহান আলী। অনুষ্ঠানের শুরুতেই অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে সোমবার রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।





