বিএনপির ১০ দফা জনগণের মতামতের প্রতিফলন : মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপির ঘোষিত ১০ দফা দেশের জনগণের মতামতের প্রতিফলন।

সোমবার (২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি ঘোষিত ‘১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা’ নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ সরকার কোনোদিনও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবে না। সুতরাং, সরকারের বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই। এই সরকারের টাকা পাচার, লুটপাট ও দুর্নীতি নজিরবিহীন। এরা কোনোদিনই দেশের অর্থনীতি মেরামত করতে পারবে না। তারা বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। সুতরাং, বিচার বিভাগকেও স্বাধীন করতে পারবে না। তাই এই সরকারে বিদায় ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি বলেন, হামলা-মামলা ও গ্রেপ্তার করে সরকার আমাদের গণসমাবেশ ঠেকাতে পারেনি। বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। ইতোমধ্যে জাপানের রাষ্ট্রদূত বলেছেন যে, দিনের ভোট রাতেই ডাকাতি হয়েছে। সরকার কখনও পদত্যাগ করবে না। আন্দোলনের মাধ্যমে তাদের পদত্যাগে বাধ্য করতে হবে। সেই ইতিহাস আমাদের আছে। অতীতে স্বৈরাচার আইয়ুব, এরশাদকেও জনগণ ক্ষমতা থেকে হটিয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আমিনুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা উত্তর বিএনপির আনোয়ারুজ্জামান আনোয়ারসহ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা।