বিপিএলের শুরু থেকেই খেলবেন ডেভিড মালান

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি  ক্রিকেট টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের ব্যাটার ডেভিড মালান। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া  আসরের শুরু থেকেই মালানকে পাবে কুমিল্লা। ৫ জানুয়ারি তিনি ঢাকায় আসবেন।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য মালান।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা মালান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফিসিয়াল পেইজে এক ভিডিও বার্তায় বলেন, ‘বিপিএল ২০২৩-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিতে মুখিয়ে আছি। খুব রোমাঞ্চের একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শুরুর জন্য আমার তর সইছে না। ‘

মালান এর আগে ২০১৬-১৭ আসরে বরিশাল বুলস, ২০১৮ সালে খুলনা টাইটান্সের হয়ে ও ২০১৯ সালের বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন।  এখন পর্যন্ত ৫৫টি টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরিতে ১৭৪৮ রান করেছেন ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার।