ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক ও স্বেচ্ছাসেবী আশিককে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার বিকেলে আশিকুর রহমান আশিক (২৭) নামে স্থানীয় পত্রিকার সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য খুন হয়েছেন। এ ঘটনায় রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তুচ্ছ ঘটনার জের ধরে আশিককে খুন করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্বেচ্ছাসেবী সংগঠনের একটি সভা শেষ করে আরেকটিতে যাওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। 

আশিক ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডার আশরাফ উদ্দিনের ছেলে। বেওয়ারিশ লাশ দাফন ও রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সংগঠন ‘বাতিঘর’ এর হয়ে কাজ করতেন তিনি। একই সঙ্গে তিনি ‘দৈনিক পর্যবেক্ষণ’ নামের একটি পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’ নামে একটি অনলাইনে নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করতেন। রায়হানের বাড়ি পৌর এলাকার ভাদুঘরে। 

বাতিঘরের প্রতিষ্ঠাতা মো. আজহার উদ্দিন জানান, পৌর এলাকার অবকাশ ফারুকী পার্কে বেলা সাড়ে ৩টায় বাতিঘর নামক একটি মানবিক সংগঠনের সভা ছিল। ওই সভা শেষ করে মেড্ডায় একই সংগঠনের আরেকটি সভায় যোগ দিতে যাওয়ার পথে আশিক হামলার শিকার হন। ফারুকী পার্ক থেকে বের হয়ে ব্যাটারিচালিত অটো রিকশায় উঠতেই কয়েক যুবক এসে আশিককে ঘেরাও করে। একপর্যায়ে তার বুকে ছুরি চালানো হয়। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয় সে বিষয়টি এখনো নিশ্চত হওয়া যায়নি।