গতকাল উত্তরার আজমপুরে গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন ওবায়দুল কাদের। ছবি : কালের কণ্ঠ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপি যে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে, তা পদযাত্রা নয়, মরণযাত্রা। বিএনপির গণজোয়ারে ভাটা পড়েছে। তাদের পদযাত্রা নয়, মরণযাত্রা শুরু হয়েছে। এভাবেই তারা পরাজিত হবে…, আগামী নির্বাচনেও তাদের মরণ হবে, রাজনৈতিক মরণ।
ওবায়দুল কাদের গতকাল শনিবার দুপুরে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় আমিন মার্কেটের সামনে দলীয় কর্মসূচিতে এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই সমাবেশ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এত লাফালাফি, এত ছোটাছুটি, এত লোটা-কম্বল, এত কাঁথা-বালিশ, সমাবেশ হলে সাত দিন ধরে সমাবেশস্থলে শুয়ে পড়ে, আর পাতিলের পর পাতিল খাবার তৈরি হয়, কোথায় গেল সে দিন? কোথায় গেল লালকার্ড? কোথায় গেল গণ-অভ্যুত্থান? কোথায় গেল গণজোয়ার? গণজোয়ারে এখন ভাটার টান। তাই এটা পদযাত্রা নয়, পেছনযাত্রা।
ওবায়দুল কাদের বলেন, ‘তারা পদযাত্রা করছে, আর আমরা শীতবস্ত্র বিতরণ করছি। আমরা পাল্টাপাল্টি কর্মসূচি করছি না। তারা বাড্ডায় পদযাত্রা করছে, আমরা উত্তরায় শীতবস্ত্র বিতরণ করছি। বিএনপি তো এখন কথার রাজা। মির্জা ফখরুল—কাজ নেই, শুধু কথা আর কথা। শুধু কথামালার চাতুরী। কাজ করছি, আর বাধ্য হয়ে তাদের কথার জবাব দিচ্ছি। তারা একতরফা মিথ্যাচার করবে। আমরা কী চুপচাপ বসে থাকব? আমাদের অবশ্যই জবাব দিতে হবে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে শান্তি সমাবেশ থেকে বলব, ডাক দিলে চলে আসবেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই করছি। রাজপথে আছি, রাজপথে থাকব, আগামী নির্বাচন পর্যন্ত রাজপথ আমরা ছাড়ব না। আমরা মানুষের পাশে ছিলাম। এ শীতের কষ্টেও মানুষের পাশে আছি। মানুষের দুঃখে, মানুষের কষ্টে, দুর্যোগে, ঝড়ে, বন্যায় মানুষের পাশে ছিলাম।





