শুটিংয়ে ভয়াবহ দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখি। অভিনয়ের মাধ্যমে পেয়েছেন দর্শক জনপ্রিয়তা। তবে সম্প্রতি তার ভক্তদের জন্য খারাপ খবর। শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং সেটে আহত হয়েছেন বলে গণমাধ্যমে নিশ্চিত করেন তার স্বামী নির্মাতা রাহাত কবির।

জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে এই অভিনেত্রীর। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে তার।

ঘটনার বর্ণনা দিয়ে তার স্বামী রাহাত বলেন, ‘আঁখি মিরপুরের একটি শুটিং হাউজে টেলিফিল্মের শুটিং করছিলেন। সেই শুটিং সেটে মেকআপ নিয়ে ওয়াশরুমে যান চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে।’ এদিকে পুলিশের ধারণা, কেউ বডি স্প্রে ব্যবহার করেছে ওটার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে।

রাহাত আরও বলেন, ‘তবে কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়। চিৎকার করে আঁখি বেরিয়ে আসে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ বার্ন হয়ে যায়।’

এদিকে নির্মাতা রাহাত আরও জানা যায়, রোববার (২৯ জানুয়ারি) ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে। সেগুলোর ফলাফলের পর বলা যাবে পরিস্থিতি। হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় ১ বছর সময় লাগবে। সবার কাছে আঁখির জন্য দোয়া চেয়েছেন এই নির্মাতা।

প্রসঙ্গত, চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখি’র মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাসংকর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি।

নান্দনিক অভিনয়ে আঁখি অল্প সময়েই পেয়েছেন সুখ্যাতি। শৈল্পিক গুণ ও সাবলীল অভিনয় দিয়ে কেড়েছেন দর্শক হৃদয়। নাটক, সিনেমা, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, টেলিফিল্ম একাধারে সব কিছুতেই কাজ করেছেন এ মডেল-অভিনেত্রী।