নাসিরদের সামনে ১৫৭ রানের লক্ষ্য দিলো সাকিবরা

সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এবং নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। যেখানে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বরিশালের অধিনায়ক সাকিব।

প্রথমে ব্যাটিং করতে নেমে আনামুল হক বিজয় এবং মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া অন্য কোনো বরিশালের ব্যাটসম্যান বলার মতো ইনিংস খেলতে পারেনি। যদিও বিজয় এবং রিয়াদ দুইজনের কেউই ফিফটিও স্পর্শ করতে পারেনি।

এই দুই ব্যাটসম্যানের সঙ্গে বাকিদের সহায়তায় নির্ধারিত ২০ ওভারে ঢাকার বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছে বরিশাল। বিপিএলে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নাসিরদের করতে হবে ১৫৭ রান।

এদিন আগে ব্যাটিং করতে নেমে বরিশালের দুই ওপেনার সাইফ হাসান এবং আনামুল হক বিজয় ধীর শুরু পায়। ব্যক্তিগত ১৫ রানে সাইফ ফিরলে ভাঙে ৪২ রানের জুটিটি। এই বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব গত ম্যাচের মতো আজও ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নের পথে ফেরেন তিনি।

চারে নেমে ইব্রাহিম জাদরানও ২ রানের বেশি করতে পারেনি। ইফতিখার আহমেদ করতে পারেন ১০ রান। অন্যপ্রান্তে বিজয় অবশ্য চেষ্টা করেন রানের চাকা ঠিক রাখতে। তবে এই ব্যাটসম্যানও ৪২ রানের বেশি করতে পারেননি।

ব্যাট হাতে মাহমুদউল্লাহ অবশ্য এদিন দলকে ভালোই সাপোর্ট দেন। মাত্র ২৭ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৩৯ রান করেন। মাহমুদউল্লাহর পরে করিম জানাতের ৫ বলে অপরাজিত ১৭ রানের ওপর ভর করে বরিশাল লড়াকু স্কোর পায়।

ঢাকার পক্ষে এদিন ছয় বোলারের প্রত্যেকেই উইকেট পান। এরমধ্যে আমির হামজা হোতাক ২টি উইকেট পান। এ ছাড়া বাকি সবাই পান ১টি করে উইকেট।