বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আমরা বর্তমানে একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত করছি। দেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছে। আওয়ামী লীগ আগেও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। জনগণকে বোকা বানিয়ে আওয়ামী লীগ বিভিন্ন কায়দায় বর্তমানেও একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে।
বাংলাদেশ সময় সোমবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের লেখা ৮টি গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি এসব কথা বলেন।জ্যাকসন হাইটস জুইস সেন্টারে এই মোড়ক উন্মোচন ও প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা।
গ্রন্থগুলোর লেখক অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন ভার্চ্যুয়ালি সূচনা বক্তব্য দেন।
বিএনপি মহাসচিব বলেন, আজকে বিএনপি চরম দুঃসময় কাটাচ্ছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহবন্দি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত অবস্থায় রয়েছেন। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। অনেকে কারাগারে রয়েছেন। আগামী নির্বাচন অনিশ্চিত। আমরা জনগণকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করছি।ড. মোশাররফের মধ্যে যেমন দৃঢ়তা রয়েছে, তার লেখার মধ্যেও তা প্রতিফলিত হয়েছে। তার লেখায় যেমন রাজনীতি রয়েছে, তেমন অর্থনীতিও রয়েছে। বইগুলো পড়ে পাঠক ইতিবাচক ধারণা নিয়ে জীবনকে সমৃদ্ধ করতে পারবে। তার রচিত বইগুলো ছড়িয়ে দিলে জনগণ ও রাজনীতি উপকৃত হবে।
সাবেক সিনিয়র জেলা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন ভার্চুয়ালি ড. মোশাররফ রচিত ৮টি গ্রন্থের বিশদ বিবরণ উপস্থাপন করেন।
এ সময় আরো ছিলেন মুশফিকুল ফজল আনসারি, ডা. মজিবুর রহমান মজুমদার, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন ও সরাফত হোসেন বাবু প্রমুখ।





