তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, ধ্বংসস্তুপে আটকা ফুটবল ও ভলিবল খেলোয়াড়েরা

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে তুরস্কেই নিহত হয়েছে ৩ হাজার ৪১৯ জন। আহত হয়েছে ২০ হাজারের বেশি। সিরিয়ায় নিহত হয়েছে এক হাজার ৬০২ জন।

বিধ্বস্ত ভবনগুলোর নিচে এখনও আটকা পড়ে আছেন অনেক মানুষ।ধ্বংসস্তুপে আটকা পড়েছেন অনেক খেলোয়াড়ও। রয়েছেন নারী ভলিবল দলের ১৪ খেলোয়াড়।যারা ধসে পড়া ভবনের নিচে আটকা রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত সংবাদে জানা যায়, ভূমিকম্পে আহত হয়েছেন চেলসি ও নিউক্যাসল ইউনাইটেডের সাবেক ফুটবলার ক্রিস্তিয়ান আতসুও। হাতাইয়ের আন্তাকিয়া এলাকার বহুতল একটি হোটেলে অবস্থান করছিলেন ৩১ বছর বয়সী আতসু।ভূমিকম্পে ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হলে তার নিচে চাপা পড়েন ঘানার এ ফুটবলার। বর্তমানে তিনি তুরস্কের ক্লাব হাতাইস্পোরে খেলছেন। তিনি হাত ও পায়ে আঘাত পেয়েছেন। তার চিকিৎসা চলছে।

এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন ক্লাবের ক্রীড়া পরিচালক তানের সাভুতও। তবে তুর্কি সাংবাদিক ইয়াগিজ সাবুনচোগলু জানিয়েছেন, এখনো উদ্ধার করা সম্ভব হয়নি আতসুকে।

ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছেন তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের নারী ভলিবল দলের ১৪ খেলোয়াড়। ভূমিকম্পের কারণে তুর্কি সুপার লিগের সব ম্যাচ স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। এছাড়া পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত স্থগিত করা হয়েছে সবধরণের খেলাধুলা।

সোমবার ভোরে মানুষ যখন ঘুমাচ্ছিল, তখন ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে জরুরি উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।

তুরস্কে ৫ হাজার ৬০৬টি স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে বহুতল আবাসিক ভবনগুলো ছিল মানুষে পরিপূর্ণ। এ ছাড়া আলেপ্পোতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর ক্ষতি হওয়ার পাশাপাশি কয়েক ডজন ভবন ধসের কথা জানিয়েছে সিরিয়া।

সিরিয়ার ন্যাশনাল আর্থকোয়েক সেন্টারের প্রধান রায়েদ আহমেদ এটিকে ‘ইতিহাসে তাদের রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্প’ বলে অভিহিত করেছেন।

এদিকে, ভূমিকম্পের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এরদোয়ান টুইটারে বলেন, আমাদের সরকারি ও বিদেশি সব দপ্তরে ১২ ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হবে।