রাষ্ট্রপতি নিয়ে ‘আগ্রহ নেই’ বিএনপির

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মো. সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দেওয়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকার কী করছে, না করছে এসব বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আজকে প্রেস ব্রিফিং ডেকেছি গতকালের ইউনিয়ন পদযাত্রায় সংঘটিত বিষয়গুলো আপনাদেরকে অবহিত করার জন্য। আপনারা তো জানেন যে ১০ দফা আমাদের দাবি, প্রথম দফা হচ্ছে যে এই অবৈধ স্বৈরাচারী সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন…।

তিনি বলেন, এসব হলো ইস্যু। এই সরকার কী করছে, না করছে এসব বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর দ্বিতীয় মেয়াদের শেষ প্রান্তে রয়েছেন। ২০১৮ সালের ২৪ এপ্রিল ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, মেয়াদ অবসানের কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ক্ষেত্রে মেয়াদপূর্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। ফলে ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের।

ইসি ১৯ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করে। সে অনুযায়ী, রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম প্রস্তাব করে মনোনয়নপত্র রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে জমা দেন।