ধামালকোট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী স্মৃতি আক্তার। রাজধানীর মিরপুরে অবস্থিত টিনশেড বস্তিতে থাকে সে। বাবা বেকার। তিন ভাই তিন বোনের মধ্যে স্মৃতি তৃতীয়। মা ও বড় বোনের গার্মেন্টসের চাকরির টাকায় সংসার চলে তাদের। মাসিককালীন স্বাস্থ্যসেবা সুরক্ষা সম্পর্কে কিশোরী স্মৃতি আক্তার বলেন, আমার জন্ম এই টিনশেডল বস্তিতে। এই বস্তিতেই আমার বেড়ে ওঠা। প্রথম প্রথম মাসিককালীন সময়ে ওড়না কেটে ব্যবহার করতাম। পাকা মেঝের চারদিকে বেড়ার গোসলখানার ওপরটা খোলা। একটা গোসলখানা কয়েক পরিবার ব্যবহার করি। প্রথম প্রথম কাপড় ধুয়ে গোসলখানার বেড়ায় মেলে দিতাম।
স্মৃতি বলতে থাকে, আজ শুভসংঘের এই কর্মশালার মাধ্যমে জানতে পারি, মাসিককালীন স্বাস্থ্যসেবা সুরক্ষা সম্পর্কে। পরবর্তী দিন থেকে নিয়মিত স্যানিটারি প্যাড ব্যবহার করব এবং নিজের স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্ব দেব।
সম্প্রতি রাজধানীর মিরপুরের টিনশেড বস্তিতে নিম্নআয়ের পরিবারের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘের মিরপুর-১৪ শাখা। বস্তির ৪০ জন কিশোরীর মাঝে শুভসংঘ মিরপুর-১৪ শাখার উদ্যোগে এই স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা খুবই জরুরি। এ সময় অপরিচ্ছন্ন থাকলে নানারকম রোগ হতে পারে।
আমাদের দেশে অনেক নারী ইউরিন ইনফেকশন ও জরায়ুর মুখে ক্যান্সারে আক্রান্ত হন শুধুমাত্র মাসিক চলাকালীন অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে। তাই সবার উচিত পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা সর্ম্পকে ভালোভাবে জানা এবং পুরাতন কাপড়ের পরিবর্তে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা। যাতে তারা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকতে পারে।’
তিনি কিশোরীদেরকে আরো বলেন, ‘অনেকেই আছেন যারা ব্যবহারের পর স্যানিটারি ন্যাপকিন যত্রতত্র ফেলে দেন। কেউ কেউ আবার খুলেই সরাসরি ডাস্টবিনে ফেলে দেন। এ ধরনের কাজ আমাদের এখন থেকেই বন্ধ করতে হবে। ন্যাপকিন সবসময় ব্যবহারের পর কাগজে মুড়ে ফেলতে হবে। তা না হলে জীবাণু ছড়িয়ে যেতে পারে এবং যে কেউ সংক্রমিত হতে পারে। এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।’
কর্মশালায় উপস্থিত ছিলেন, কালের কণ্ঠ শুভসংঘের মিরপুর-১৪ শাখার সহ-সভাপতি শেখ তাইরিন এহসান তানি ও ইরিনা জাহান, সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান শ্রাবনী, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক দিবা দেবনাথ, নারী বিষয়ক সম্পাদক বিথি রায়, কার্যকরী সদস্য সোহেলি ইসলাম তিথি।





