পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ছাত্রলীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজিব হোসাইন রবিনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি রাতে বইমেলায় আসা চারজনের কাছ থেকে ৯০০ টাকা চাঁদা নিয়েছিলেন তারা। পরে ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের আটক করে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।