ফিল্মি স্টাইলে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব লাউতারো মার্টিনেজের

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন লাউতারো মার্টিনেজ। তবে মাঠের পারফরম্যান্সে তিনি খুব একটা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। তবে নিজ ক্লাব ইন্টার মিলানে ফিরে আবারও হারানো রূপ খুঁজে পেয়েছেন ২৫ বছর বয়সী এই ফরওয়ার্ড।

সেই লাউতারো নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। তার দীর্ঘদিনের প্রেমিকা অগুস্তিনা গান্দোলফোর সঙ্গে প্রায় পাঁচ বছরের সম্পর্কটা পরিণয়ে রূপ দিতে যাচ্ছেন আর্জেন্টাইন এই তারকা।

এ জন্য মিলানের গিজেপ্পা স্টেডিয়ামে ভাড়া করা একটি কক্ষে ফিল্মি স্টাইলে প্রেমিকা গান্দোলফোরক্যা বিয়ের প্রস্তাব দিয়েছেন লাউতারো। স্বাভাবিকভাবেই গান্দোলফোও লাউতারোর প্রস্তাবকে না বলেননি। তাই দ্রুতই এই জুটি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন।

এই মুহূর্তের প্রায় তিন মিনিটের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন লাউতারো মার্টিনেজ। যা দেখলে সবার মনে হবে এই দৃশ্য কোনো সিনেমার অংশ। প্রেমিকাকে বিয়ের জন্য রাজি করাতে এরকমই এক আয়োজন করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

ভিডিওটি পোস্টের সময়ে ক্যাপশনে লাউতারো লেখেন, ‘তোমার হ্যাঁ, আজীবনের জন্য আমার হৃদয়ে গচ্ছিত থাকল।’

এদিকে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার কক্ষটি লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছিল। যা দেখে খুব অবাকই হন মার্টিনেজের বান্ধবী। এরপর পকেট থেকে আংটি বের করে হাঁটু গেড়ে জীবনের সবচেয়ে মূল্যবান প্রস্তাবটি দেন মার্টিনেজ।

এমন স্মরণীয় মুহূর্তটি স্মরণীয় করে রাখতে প্রখ্যাত গায়ক এড শিরানের ‘পারফেক্ট’ গানটি দারুণভাবে ফুটিয়ে তোলেন এক বেহালাবাদক।

এদিকে কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাওয়ার সুখবর দিয়েছিলেন লাউতারো ও গান্দোলফো। দুই বছর বয়সী একটি মেয়ে আছে এই দম্পতির।