ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে জরুরি মানবিক ত্রাণ সহায়তা প্রদান করল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত টার্কিশ কো–অপারেশন অ্যান্ড কো–অর্ডিনেশন এজেন্সি-টিকা অফিসের সমন্বয়কারী সেভকি মারথ বারিশের কাছে ৫০০০ কম্বল হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব।
এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি’র) এর সাথে সমন্বয় করে সিরিয়া তেও ত্রাণ সহায়তা পপাঠানোরও উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট।
চরম এই মানবিক সংকটে তুরস্কের বিপন্ন মানুষের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান। তিনি তুরস্ক ও সিরিয়ায় সংঘটিত ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
মানবিক সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো: মিজানুর রহমান, আইএফআরসি’র অপারেশন ম্যানেজার আলী আকগুল সহ সোসাইটির স্বেচ্ছাসেবক ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা।





