গার্দিওলের গোলে জয়বঞ্চিত গার্দিওলার দল

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও জার্মান ক্লাব আরবি লাইপজিগ। জার্মান থেকে অবশ্য জয় নিয়ে ফিরতে পারেনি পেপ গার্দিওলার দল। লাইপজিগের ঘরের মাঠ রেড বুল অ্যারেনায় শেষ ষোলোর প্রথম লেগে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সিটিকে।

ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল ম্যানসিটিই। ২৭তম মিনিটে ইলকেয় গুন্দোগানের অ্যাসিস্টে গোল করে সিটিজেনদের লিড এনে দিয়েছিলেন রিয়াদ মাহরেজ। ৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল সিটির সামনে। তবে কর্নার থেকে পাওয়া বলে অল্পের জন্য মাথা লাগাতে পারেননি রদ্রি। বিরতির পর বদলে যায় লাইপজিগের খেলার ধরন। একাধিক পরিবর্তনের ফলে আক্রমণের ধার বাড়ে জার্মান দলটির। একাধিক বড় সুযোগ মিস করা লাইপজিগ ম্যাচে সমতা ফিরিয়ে আনে ৭০তম মিনিটে। ছোট করে নেওয়া কর্নার কিক থেকে বল পেয়ে মারসেল হালস্টেনবার্গ বাড়ান ডি বক্সে। লাইপজিগের ক্রোয়েট তারকা ইয়স্কো গার্দিওল অনেকখানি লাফিয়ে উঠে হেডে গোলটি করেন।

ম্যাচের বাকি সময়ে বল দখলে আধিপত্য ধরে রাখলেও গোলের দেখা পায়নি ম্যানসিটি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। দুদলের মধ্যকার দ্বিতীয় লেগ ১৪ মার্চ ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদে অনুষ্ঠিত হবে।