বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়ে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন
আইনমন্ত্রী বলেন, দণ্ডিত আসামি হওয়ায় খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। তবে তিনি রাজনীতি করতে পারবেন না, এমন কথা কোথাও নাই। তবে খালেদা জিয়ার ভাই তার দণ্ডাদেশ স্থগিতের জন্য যে আবেদন করেছিলেন, সেখানে বলা আছে তিনি গুরুতর অসুস্থ। তার আরও ভালো চিকিৎসা দরকার। এ কারণে প্রধানমন্ত্রী মানবিক কারণে বিএনপি নেত্রীর সাজা স্থগিত রেখে মুক্তি দিয়েছেন। এখন বাস্তবতা হলো যেহেতু তিনি অসুস্থ। তাই সাধারণ মানুষ মনে করে তিনি রাজনীতি করতে পারবেন না।
খালেদা জিয়া দলীয় কার্যালয়ে অফিস করতে পারবেন কী না- জানতে চাইলে আনিসুল হক বলেন, আমি বিষয়টি পরিষ্কার করে বলেছি। এরপরও যদি দরকার হয়, তবে তাদের আইনজীবীর কাছে চিঠি লিখে জিজ্ঞাস করুক। তারা ব্যর্থ হলে আমার কাছে জিজ্ঞাস করতে বলেন।
আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমাদের ওপর কোনো আন্তর্জাতিক চাপ নাই। আমরা জনগণের কাছে দায়বদ্ধতা থেকে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। আওয়ামী লীগ সরকারের আমলে সবসময় যে রকম সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আগামী নির্বাচনও তেমন হবে। আমরা সংবিধানের এক চুলও বাইরে যাব না। আমরা চাই সবাই নির্বাচনে আসুক।





