নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দুর্গাপুর উপজেলা বালিকা দল।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার বামুনপাড়া পৌর খেলার মাঠে প্রতিযোগিতার ফাইনালে কলমাকান্দা বালিকা দলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে দুর্গাপুর উপজেলা বালিকা দল।
নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে চার দলের ৬০ জন বালিকা অংশগ্রহণ করেন।
ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার তুলেদেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। প্রতিযোগিতা শেষে দুর্গাপুর উপজেলার ৫০ জন বালিকাদের সাত দিনের প্রশিক্ষণ দেয়ার কথা জানান ক্রীড়া অফিসার।





