সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের পর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। সে সময় নায়িকার বিয়ে নিয়ে কম হইচই হয়নি। তবে এই দম্পতির ভালোবাসার কাছে সব নেতিবাচক মন্তব্য হার মেনেছে। আপাতত দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন দুজনে।
মাহিকে বিয়ের পর রকিবের প্রথম সংসার ও সন্তানদের বিষয়টি আলোচনায় উঠে আসে। কারণ, নায়িকার স্বামীর প্রথম সংসারে বিচ্ছেদ হয়েছে কি না, সেটি তখনও স্পষ্ট ছিল না। গুঞ্জন ওঠে, প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই মাহিকে বিয়ে করেছেন রকিব। যদিও সময়ের সঙ্গে সেসব আলোচনা বিলীন হয়ে গিয়েছে। তবে সম্প্রতি রকিবের এক স্ট্যাটাসে প্রথম সংসারে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় মাহির একটি ছবি পোস্ট করে রকিব লিখেছেন, ‘আমার একমাত্র বৌয়ের চিত্রধারক আমি।’
তার সেই পোস্টে নেটিজেনদের একজন লিখেছেন, ‘দুইমাত্র হবে কাকা।’ জবাবে রকিব লেখেন, ‘আমার বউ একটাই, ডিভোর্সের পর বউ থাকে না।’





