চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ আসর। এর আগে বাংলাদেশ সফরকে কঠিন পরীক্ষা বলে মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বকাপকে ঘিরেই আমাদের পরিকল্পনা। বাংলাদেশের কন্ডিশন ভারতের কন্ডিশনের সবচেয়ে কাছাকাছি। এখানে আমরা নিজেদের পরীক্ষা নিতে উন্মুখ হয়ে আছি। বিশ্বকাপের আগে এই ধরনের কঠিন কন্ডিশনেই খেলতে চাই। এখানে স্লো আর লো উইকেট প্রত্যাশা করছি। এটাই আমরা চাই। দল হিসেবে এই পরীক্ষা দিতে চাই।
ওয়ান ডেতে ঘরের মাঠে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ উল্লেখ করে বাটলার বলেন, বাংলাদেশকে ঘরের মাঠে হারানো কঠিন। ওরা সম্প্রতি ভারতকে হারিয়েছে। তবে আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের ইতিবাচক খেলাটাই খেলতে চাইব।
ঘরের মাঠে ২০১৬ সালে ইংল্যান্ডের কাছেই সিরিজ হেরেছে বাংলাদেশ। সেই সুখস্মৃতি এই সিরিজে ইংলিশদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। তবে আগেরবারের চেয়ে এবারের বাংলাদেশ দল আরও শক্তিশালী বলে মনে করেন ইংলিশ অধিনায়ক।





