ক্ষমতা বদলের একমাত্র পথ নির্বাচন : নানক

ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে নির্বাচন আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার উৎখাত করা যাবে না। নির্বাচনই হলো ক্ষমতা বদলের একমাত্র পথ। কাজেই যতই ষড়যন্ত্র করেন, সব ষড়যন্ত্রকে নসাৎ করে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে।

আজ শনিবার (০৪ মার্চ) বিকেলে মোহাম্মদপুরে টাউন হলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। সরকারবিরোধী আন্দোলনের বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরে জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা হ্যাঁ-না ভোট করেছিল রাতের অন্ধকারে। যারা নিজেরা ভোট করে নিজেদের নির্বাচিত ঘোষণা করেছিল বিরোধীদলকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। সেই ওরা আমাদেরকে গণতন্ত্র শেখায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, এই বাংলাদেশে আপনারা বহু ষড়যন্ত্র করেছেন। লন্ডনে বসে থাকা কুলাঙ্গার তারেক জাতীয়-আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের পর আপনারা তারিখ ঘোষণা করেছিলেন। ১০ ডিসেম্বরের পরে এই বাংলাদেশ চলবে খালেদা জিয়া আর তারেক রহমানের কথায়। সেই ১০ তারিখ পার হয়ে গিয়েছে। দেশ চলছে শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনার নেতৃত্বে বাংলার জনগণ রয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, কাজেই মির্জা ফখরুল সাহেব, যে রাজনীতিতে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্রের পথকে পরিহার করে পরিত্যাগ করে গণতন্ত্রের পথে আসুন, নির্চবাচনের পথে আসুন। নির্বাচন ছাড়া সরকার উৎখাত করা যাবে না।