বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জনবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আজ মঙ্গলবার সকাল ১১টার পর শহীদ চান্দু স্টেডিয়ামে তিনি এই মানববন্ধন করেন।
মানববন্ধনে হিরো আলম বলেন, ‘১৫ বছরে বগুড়ার উন্নয়নে তেমন কোনো কাজ হয়নি। স্টেডিয়ামের মালামাল ফিরিয়ে দেওয়া হোক। আর প্রতিবছর যেন জাতীয় দলের একটি করে খেলা হয় সেই ব্যবস্থা করা হোক।’
২০০৬ সালে একটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে হওয়ার পর আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি বগুড়ায়। তবে সচল ছিল ঘরোয়া ক্রিকেট। সেই সুবাদে এই মাঠের ভালোমন্দের দেখভালও করে আসছিল বিসিবি। পরে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ায় বিসিবি। এই স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে। ভেন্যুতে কর্মরত বিসিবির সব কর্মকর্তা-কর্মচারীকে এরই মধ্যে অন্য ভেন্যুতে বদলি করা হয়েছে।





