রাজধানীর গুলিস্তানে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটির মালিককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর ডিবি পুলিশ। ডিবি প্রধান হারুন অর রশীদ বুধবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার রাতে ঐ ভবনের ‘বাংলাদেশ স্যানিটারি’ দোকানের মালিক আবদুল মোতালেব মিন্টুকে হেফাজতে নেয় ডিবি। পরে ভবনের মালিক ওয়াহিদুর রহমানকে হেফাজতে নিয়েছে। এছাড়া আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
হারুন অর রশীদ বলেন, বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমরা বাড়ির মালিক, দোকান মালিকদের ডেকেছি। বাণিজ্যিকের নিয়ম অনুযায়ী বেজমেন্টে দোকান দেওয়ার কথা না। এছাড়া স্যুয়ারেজ লাইন, সেপটিক ট্যাংক, ওয়াটার রিজার্ভার—এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হতো কি না, এসব বিষয়ে আমরা তাদের কাছে জানতে চাইব।
জানা গেছে, গুলিস্তানে বিস্ফোরণ হওয়া ভবনটির মালিক ছিলেন রেজাউর রহমান নামে এক ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর তার তিন ছেলে ওয়াহিদুর রহমান, মশিউর রহমান ও মতিউর রহমান ভবনটির মালিক হন। এর মধ্যে বড় ভাই ওয়াহিদুর রহমান ও ছোটো ভাই মতিউর রহমান ভবনটি পরিচালনা করতেন। আর মেজো ভাই মশিউর রহমান লন্ডনে বসবাস করেন। এর মধ্যে ওয়াহিদুর রহমানকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ।
এর আগে, মঙ্গলবার বিকেলে গুলিস্তান বিআরটিসির বাস কাউন্টারের পাশে সিদ্দিক বাজারের সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, সাততলা ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে উপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আশপাশের বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়।





